
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সামনে আচমকা বেড়ে গেল প্রশাসনিক তৎপরতা। শুরু হল দুর্গাপুর স্টিল প্লান্টের জায়গায় দীর্ঘদিন ধরে থাকা একটি রাজনৈতিক কার্যালয় ভাঙার কাজ। বুলডোজারের ধাক্কায় ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যেতে শুরু করল ঝাঁ চকচকে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের ১ নম্বর ব্লক অফিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সামনে অবস্থিত ওই কার্যালয়টি দুর্গাপুর স্টিল প্লান্টের জমির উপর অবৈধভাবে নির্মিত বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই উচ্ছেদ অভিযানে নামেন ইস্পাত কর্তৃপক্ষ। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের মতে, বহু বছর ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এই কার্যালয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের কাছে এটি ছিল পরিচিত একটি ঠিকানা। ফলে বুলডোজার নামার দৃশ্য ঘিরে কৌতূহল, বিস্ময় ও নানা আলোচনা শুরু হয়েছে এলাকায়।
রাজ্যজুড়ে সরকারি বা সংস্থার জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের বিরুদ্ধে সম্প্রতি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আসানসোলে এমন অভিযানের পর এবার সেই প্রভাব দেখা গেল দুর্গাপুরেও। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কোনও অশান্তির খবর মেলেনি। উচ্ছেদ অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। কেউ সরকারি জমি দখলমুক্ত করার পদক্ষেপকে সমর্থন করছেন, আবার কেউ দীর্ঘদিনের রাজনৈতিক কার্যালয় ভাঙার ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন।

