WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো বিনামূল্যে HPV (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে জরায়ুমুখের ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে নতুন আশার আলো দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিন কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচির সঙ্গেই যুক্ত ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টিকাকরণ কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোরুই, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. মহম্মদ ইউনুস এবং স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১৪ বছর বা তার বেশি বয়সি মেয়েদের এই HPV ভ্যাকসিন দেওয়া হবে। চিকিৎসকদের মতে, HPV সংক্রমণ দীর্ঘমেয়াদে জরায়ুমুখের ক্যানসারসহ একাধিক জটিল রোগের কারণ হতে পারে। তাই অল্প বয়স থেকেই প্রতিরোধ গড়ে তুলতে এই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধু জেলা ও মহকুমা হাসপাতাল নয়, জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় প্রথম পর্যায়ে প্রায় ৩২ হাজার মেয়েকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রের সহায়তায় রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন জনমুখী কর্মসূচি চালু করছে। তাঁদের বক্তব্য, এই টিকাকরণ কর্মসূচি আগামী দিনের অসংখ্য মেয়ের জীবনকে সুরক্ষিত করতে সাহায্য করবে এবং ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এক বড় হাতিয়ার হয়ে উঠবে। স্বাস্থ্যকর্মীদের আশা, সচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য টিকাকরণের মাধ্যমে ভবিষ্যতে জরায়ুমুখের ক্যানসারের প্রকোপ অনেকটাই কমানো সম্ভব হবে।