দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার শিল্পনগরী দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রা ঘিরে ফুটে উঠল এক সৌহার্দ্যের ছবি। রাজনৈতিক মতভেদ ভুলে একই মঞ্চে সৌজন্য বিনিময়ে অংশ নিলেন দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাচিতি বাজার এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বের হয়েছিল রামনবমীর শোভাযাত্রা। আচমকা সেখানে হাজির হন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ভোটের ময়দানে প্রতিপক্ষ হলেও, সেই মুহূর্তে তারা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের নজির গড়েন। এই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, বাংলার মাটিতে সহাবস্থান ও ভ্রাতৃত্বের যে দীর্ঘ ঐতিহ্য, তারই এক সুন্দর প্রতিফলন ঘটেছে এই ঘটনায়। শুভেচ্ছা বিনিময়ের পর কবি দত্ত চলে যান। পদযাত্রায় অংশ নেন লক্ষ্মণ ঘড়ুই ও দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্মণ ঘড়ুই কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় শ্রী রাম’ স্লোগানে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দলের প্রার্থীর এই উপস্থিতি তিনি কীভাবে নেবেন, সেটাই দেখার।” অন্যদিকে, কবি দত্ত জানান, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই এসেছি। ধর্ম সবার, তাই শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি। এটিকে রাজনৈতিকভাবে দেখা ঠিক নয়। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই শুভেচ্ছা বিনিময় করেছি।” এই ঘটনায় স্পষ্ট—রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু মানবিকতা ও সম্প্রীতির বন্ধন এখনও অটুট। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


