WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুরে এক মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। তাঁরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিলেন গাছের তলায়। কিন্তু শেষ রক্ষা হল না। মৃতদের নাম সৌরভ গায়েন (২৮) এবং গোকুল নন্দী (৫৬)। দু’জনেরই বাড়ি গোপালপুর উত্তরপাড়ায়। তাঁদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশী এবং গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সেই সময় সৌরভ ও গোকুল মাঠের মধ্যে ছিলেন। প্রবল বৃষ্টি থেকে রক্ষা পেতে তাঁরা গাছের তলায় আশ্রয় নেন। কিন্তু ঠিক সেই সময়ই সেখানে ভয়াবহ বজ্রপাত ঘটে।

বজ্রাঘাত এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে তাঁদের নিথর দেহ দেখতে পান। হঠাৎ এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়ে যান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

প্রতিবেশীদের কথায়, সকালে যাঁদের স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের এমন পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি। দুই পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে গোপালপুর উত্তরপাড়া। প্রাকৃতিক দুর্যোগের এই নির্মম ঘটনা আবারও মনে করিয়ে দিল, ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ বা গাছের তলায় আশ্রয় নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে।