দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজ্ঞান গবেষণার বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান CERN-এর মর্যাদাপূর্ণ Beamline for Schools 2026 (BL4S) প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দেশকে গর্বিত করেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ছাত্র অরিত্র সাধুখাঁ। অরিত্র ও তাঁর দলের এই সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানচর্চার সম্ভাবনাকেও নতুন করে তুলে ধরেছে।
পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল-এর ছাত্র, সিটি সেন্টারের মাতঙ্গিনী হাজরা রোডের বাসিন্দা অরিত্র ‘attoPION’ দলের সদস্য হিসেবে এই আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী দলগুলিকে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে বিশেষ পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক গবেষণার অঙ্গনে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী করার পথে এটি নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়।
অরিত্র ও তাঁর দলের প্রকল্পের মূল বিষয় ছিল বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে চার্জযুক্ত কণার (Charged Particles) চলাচলের সময় তাদের আচরণ পর্যবেক্ষণ করা। দলটি এমন একটি বিশেষ ডিটেক্টর ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে কণাগুলি পদার্থের সঙ্গে মিথস্ক্রিয়া করার সময় কীভাবে শক্তি হারায় এবং গতিপথ পরিবর্তন করে, তা বিশ্লেষণ করা সম্ভব হবে। সিমুলেশন, তথ্য বিশ্লেষণ এবং পরীক্ষামূলক পরিকল্পনার মাধ্যমে আধুনিক গবেষণায় ব্যবহৃত ডিটেক্টর প্রযুক্তি ও মৌলিক কণার পারস্পরিক ক্রিয়া সম্পর্কে আরও গভীর ধারণা অর্জনের লক্ষ্য নিয়েই কাজ করেছে দলটি।
এই সাফল্যের প্রসঙ্গে অরিত্র বলেন, “পুর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আমার স্কুল এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। নতুন ধারণা অনুসন্ধান, স্বাধীনভাবে চিন্তা করা এবং শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের জন্য যে উৎসাহ আমি পেয়েছি, তা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” স্কুলের অধ্যক্ষ সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “অরিত্রের এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বিজ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে বলে আশা করা যায়।”