
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্বাস্থ্যসেবা এখন আর শুধু চিকিৎসকের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দক্ষ পরিচালনা, প্রযুক্তি এবং মানবিক ব্যবস্থাপনা। সেই ভাবনাকেই সামনে রেখে Dr. B. C. Roy Engineering College-এর উদ্যোগে আয়োজিত হলো ‘MediVista 2026’। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হলো হসপিটাল ম্যানেজমেন্টে MBA কোর্সের।
২৫ মে কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ক্ষেত্রের বিশেষজ্ঞ, চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যে উঠে আসে ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থায় দক্ষ হাসপাতাল পরিচালনার ক্রমবর্ধমান গুরুত্ব এবং এই ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথা।

অনুষ্ঠানের শুরুতে মিশন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. পার্থ পাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় শুধু চিকিৎসা পরিষেবা নয়, তার সুষ্ঠু পরিচালনাও সমান গুরুত্বপূর্ণ।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে বিড়লা হার্ট হাসপাতালের HR প্রধান ড. মৌসুমী ব্যানার্জী বলেন, ভারতের অর্থনীতির একটি বড় অংশই পরিষেবা খাতের উপর নির্ভরশীল এবং হসপিটাল ম্যানেজমেন্ট সেই ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাঁর কথায়, একটি হাসপাতালের নেপথ্যে বিশাল সহায়ক পরিকাঠামো কাজ করে, যার সঠিক সমন্বয়ই হসপিটাল ম্যানেজমেন্টের মূল ভিত্তি।
অন্যদিকে মিশন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) ঈশানী চক্রবর্তী উল্লেখ করেন, MBA পাঠ্যক্রম শিক্ষার্থীদের শুধুমাত্র প্রশাসনিক দক্ষতাই নয়, ভবিষ্যৎ স্বাস্থ্যব্যবস্থাকে আরও কৌশলগত ও প্রযুক্তিনির্ভরভাবে পরিচালনার মানসিকতাও গড়ে তোলে।

আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডেটা সায়েন্স এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মতো আধুনিক বিষয়ও। বক্তারা জানান, আগামী দিনে হাসপাতাল পরিচালনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা বাড়ছে। পাশাপাশি গ্রামীণ ও শহুরে স্বাস্থ্যসেবার ব্যবধান কমানো, তথ্য নিয়ন্ত্রণ নীতি এবং প্রযুক্তির ব্যয় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সুপার দেবর্ষি চ্যাটার্জী, কলকাতার মাদারহুড উইমেন অ্যান্ড চিলড্রেন্স হাসপাতালের ফ্যাকাল্টি ডিরেক্টর সৌরভ কান্তি মণ্ডল এবং ডেপুটি ম্যানেজার (সেলস) সৌম্যজিৎ নন্দী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন BCREC-এর অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার। ধন্যবাদ জ্ঞাপন করেন ম্যানেজমেন্ট সায়েন্স বিভাগের প্রধান ড. অর্ণব মুখার্জী।
শিক্ষা ও স্বাস্থ্যসেবার এই যুগ্ম প্রয়াস যে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের নতুন দরজা খুলে দিতে পারে, সেই সম্ভাবনাই ফুটে উঠল ‘MediVista 2026’-এর মঞ্চে।

