
দুর্গাপুর দর্পণ ডেস্ক: রাজস্থানের জয়পুরে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন হেনস্তার শিকার হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী প্রকাশ্যেই পরপর চড় মারতে শুরু করে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, নিট কেলেঙ্কারি এবং বেকারত্বের সমস্যা-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে সোমবার জয়পুরের শহিদ স্মারকে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন অভিজিৎ দিপকে। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তাঁর সমর্থকেরা সেখানে জড়ো হন।
অভিযোগ, সমাবেশস্থলে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সমর্থকদের কাঁধে চড়ে জনতার উদ্দেশে এগিয়ে যাওয়ার সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপরই অভিজিৎ দিপকেকে লক্ষ্য করে একের পর এক চড় মারা হয়।
ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। অভিযুক্তদের ধরে ফেলেন তাঁরা। পুলিশে তুলে দেওয়ার আগে ধৃতদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে।

