
দুর্গাপুর দর্পণ ডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের জোর জল্পনা। সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের পরেই বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “আজ আর এক বিধায়ক সই করলেন। আজ সংখ্যা ৬৫ হল। স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছে।” কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন, তাঁদের শিবিরের বিধায়কের সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে। সোমবার সেই সংখ্যা আরও একজন বেড়ে ৬৫-তে পৌঁছেছে বলে জানান তিনি। তবে নতুন করে কোন বিধায়ক তাঁদের শিবিরে যোগ দিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বিরোধী দলনেতা।
উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় বিরোধী দলের ‘আসল মালিকানা’ পেয়েছে তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবির। প্রথমে ওই তালিকায় ৫৮ জন বিধায়কের নাম ছিল। পরে সেই সংখ্যা বেড়ে ৬৪ হয়েছে বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জানান, আরও এক বিধায়কের সমর্থন পাওয়ায় তাঁদের শিবিরের শক্তি বেড়ে ৬৫-তে পৌঁছেছে। তবে এই নতুন সমীকরণে ফিরহাদ হাকিমের রাজনৈতিক অবস্থান কী, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি।

