WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আসন্ন মহরম উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানায় এক গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকের আয়োজন করা হয়। থানা এলাকার বিভিন্ন মহরম কমিটির প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের এই বৈঠকে উৎসবের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, সিআই (বুদবুদ) অর্চিষ্মান মন্ডল, কোকওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি, ওসি (ট্রাফিক) মুচিপাড়া শিব নন্দন দুবে-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। রায়ডাঙা, সগড়ভাঙা-সহ বিভিন্ন এলাকার মহরম কমিটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও মহরমের শোভাযাত্রাগুলিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। জনসাধারণের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শোভাযাত্রা নির্ধারিত নিয়ম ও গাইডলাইন মেনেই আয়োজন করতে হবে। আগে থেকেই শোভাযাত্রায় অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা ছিল। এবার তার সঙ্গে ডিজে সাউন্ড ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও অবস্থাতেই শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

চন্ডীদাস বাজারে প্রায় ৫০ দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ কেটে দিল ডিএসপি

পুলিশ আধিকারিকরা মহরম কমিটিগুলিকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়েছে। প্রশাসনের আশা, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে দুর্গাপুরে মহরম উৎসব শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হবে।