WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিনা নোটিশে রাতের অন্ধকারে পানীয় জলের পাম্পের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকে জল নেই। চরম বিপাকে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিসিএল কলোনির বাসিন্দারা। অবিলম্বে পানীয় জলের দাবিতে ডিসিএল মোড়ে হ্যানিম্যান সরণী অবরোধ করে বিক্ষোভ শুরু করে দিয়েছেন কলোনির বাসিন্দারা।

কলোনির বাসিন্দা গোপা মজুমদারের অভিযোগ, বিনা নোটিশে পাম্পের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। যাঁরা পাম্প চালান, সেই অস্থায়ী কর্মীরা ৭-৮ মাস ধরে বেতন পাননি। তঁদের সংসার চলছে না। তিনি বলেন, “পাম্প খারাপ হলে নিজেদের পকেটের টাকা দিয়ে পাম্প সারিয়েছি। তাছাড়া, বিদ্যুৎ চলে যায় যখন তখন।” অস্থায়ী কর্মী উজ্জ্বল পাল জানান, “কিছু না জানিয়ে রাতের অন্ধকারে বিদ্যুৎ দফতর থেকে পাম্পের সংযোগ ছিন্ন করে দিয়েছে। অসুস্থ, মহিলা, বয়স্করা এখন কীভাবে জল তুলবে? তিন-চার তলায় যাঁরা থাকেন তাঁরা জল পাবেন কী করে? আমরা বেতন পাই না ৭-৮ মাস ধরে। চরম অব্যবস্থা চলছে।” 

২০১৬ সালে রাজ্য সরকারের সংস্থা দুর্গাপুর কেমিক্যালস লিমিডেট (ডিসিএল) এর বিলগ্নিকরণের সিদ্ধান্ত গৃহীত হয় রাজ্য ক্যাবিনেটে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দূষণ ছড়ানোর দায়ে পাকাপাকি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তার পর থেকে কলোনির দিকে কারখানা কর্তৃপক্ষের আর কোনও নজর নেই বলে বাসিন্দাদের অভিযোগ।

রাস্তা অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে বাস, লরি, ট্রাক, গাড়ি, টোটো, বাইক। ব্যাপক যানজট হ্যানিম্যান সরণীতে। যতক্ষণ জল না মিলবে, অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলোনির বাসিন্দারা। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ গিয়েছে ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

রাজ্য বাজেটে বঞ্চনা! দুর্গাপুর পুরসভার সামনে বিক্ষোভ জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের