
উদ্বোধন করলেন বন ও পরিবেশ মন্ত্রী দিবাকর ঘরামি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৃহস্পতিবার ভক্তি, উৎসবের আমেজ আর ধর্মীয় আবেগে মুখর হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। ইসকন দুর্গাপুরের উদ্যোগে বুধবার আনুষ্ঠানিকভাবে শুরু হল ১৮তম শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। রথের দড়িতে টান দিতে সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমান অসংখ্য ভক্ত। আয়োজকদের দাবি, এবারের উৎসবে প্রায় ২ লক্ষ ভক্তের সমাগম হতে পারে।
এদিন ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ যাত্রা শুরু করে। ডিএসপি টাউনশিপের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে রথ পৌঁছায় আকবর গার্লস স্কুল মাঠে, যেখানে তৈরি করা হয়েছে গুণ্ডিচা মন্দির। রথযাত্রাকে কেন্দ্র করে রাস্তার দু’ধারে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী দিবাকর ঘরামি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁরা ভক্তদের শুভেচ্ছা জানান এবং উৎসবের সফলতা কামনা করেন।
এবারের রথযাত্রার অন্যতম আকর্ষণ রাজস্থানের ঋষভদেব জৈন মন্দিরের আদলে নির্মিত গুণ্ডিচা মন্দির। সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক স্থাপত্যে তৈরি এই মন্দির ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে।
ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পুরীর ঐতিহ্য অনুসরণ করে খাঁটি ঘি ব্যবহার করে ১৬টি উনুনে কাঠের জ্বালে সারাদিন ধরে রান্না করা হচ্ছে মহাপ্রসাদ। গত বছর প্রায় ১ লক্ষ ৫৩ হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হলেও, এ বছর সেই সংখ্যা বেড়ে ২ লক্ষে পৌঁছতে পারে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ।
মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় এবারের উৎসব। রথযাত্রা উপলক্ষে রামলীলা প্রদর্শনী, রামায়ণ বিষয়ক কুইজ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা-সহ একাধিক সমাজসেবামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ফলে ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সচেতনতাকেও সমান গুরুত্ব দিয়েছে ইসকন দুর্গাপুর।
উল্টোরথের দিন সোনাবেশ, অধরপনা এবং নীলাদ্রি বিজয়ের মতো ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে এবারের ১৮তম রথযাত্রা উৎসবের পরিসমাপ্তি ঘটবে। আয়োজকদের আশা, ভক্তদের উৎসাহ ও অংশগ্রহণে এবারের উৎসব অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে।

