WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ আগস্ট: দীর্ঘদিনের নিকাশি সমস্যায় কার্যত নাজেহাল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের MAMC টাউনশিপের সি, ডি ব্লকের বাসিন্দারা। নালা দিয়ে স্বাভাবিকভাবে জল না বেরোনোয় প্রতিনিয়ত তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিস্থিতি। বৃষ্টির সময় সমস্যা আরও ভয়াবহ আকার নেয় বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার বিকেলে বাসিন্দাদের একটি প্রতিনিধি দল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে (ADDA) গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি পরিকাঠামো কার্যত অচল হয়ে রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জল নালা দিয়ে ঠিকমতো বেরোতে না পেরে বিভিন্ন জায়গায় জমে থাকছে। অনেক সময় নালা উপচে নোংরা জল রাস্তায় ও কোয়ার্টার্সের আশপাশে ছড়িয়ে পড়ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। নিকাশির জল ঢুকে পড়ে বাসিন্দাদের বাড়ির উঠোনেও।

এলাকাবাসীদের দাবি, শুধুমাত্র নালা পরিষ্কার করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। গোটা নিকাশি ব্যবস্থাটিই নতুন করে তৈরি করা প্রয়োজন। তাঁদের অভিযোগ, আগে পুরসভার কর্মীরা মাঝেমধ্যে নালা পরিষ্কার করতে এলেও বর্তমানে সেই উদ্যোগেও সমস্যার বিশেষ সুরাহা হচ্ছে না। নতুন সরকারের কাছে এবার তাঁরা স্থায়ী সমাধানের প্রত্যাশা করছেন।

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, কয়েকদিন আগেই তিনি এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। শুক্রবার সকালেও তিনি এলাকা পরিদর্শন করেন। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আগের সরকারের আমলে এডিডিএ এমএএমসি এলাকায় রাস্তা গড়ার নাম করে নিকাশির বারোটা বাজিয়ে দিয়েছে। সমস্যা মেটানো হবে। একটু সময় লাগবে।”

এখন বাসিন্দাদের নজর দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দিকে। দীর্ঘদিনের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কবে মুক্তি মিলবে, সেই অপেক্ষাতেই রয়েছেন MAMC টাউনশিপের সি ও ডি ব্লকের বাসিন্দারা।

আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)