WhatsApp Group Join Now
Instagram Group Join Now
অভিযুক্ত দুই সিভিক পুলিশ ভাই

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট: বাড়ির সামনে জোর করে মোটরবাইক দাঁড় করিয়ে রাখার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল দুই সিভিক ভলান্টিয়ার ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত খয়রাশোল এলাকায় উত্তেজনা ছড়ায়। বুধবার অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত সচিন্দর কুমার যাদব। অভিযোগকারী পরিবারের দাবি, অভিযুক্ত দুই ভাই অর্ণব শ্যাম এবং অনির্বাণ শ্যাম নিয়মিত তাঁদের বাড়ির দরজার সামনে মোটরবাইক দাঁড় করিয়ে রাখতেন। এর ফলে বাড়ি থেকে বেরোতে এবং ঢুকতে সমস্যায় পড়তে হত পরিবারের সদস্যদের। বার বার অনুরোধ করা সত্ত্বেও বাইক সরানো হয়নি বলে অভিযোগ। অর্ণব বিধাননগর ফাঁড়িতে এবং অনির্বাণ মুচিপাড়া ট্রাফিক গার্ডে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। 

পরিবারের অভিযোগ, গত ১২ অগস্ট সকালে বাড়ির সামনে মোটরবাইক রাখা নিয়ে সচিন্দর প্রতিবাদ করেন। সেই সময় অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার তাঁর উপর চড়াও হন। তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। স্বামীকে বাঁচাতে তাঁর স্ত্রী মালা যাদব এবং তাঁদের নাবালিকা মেয়ে প্রিয়া এগিয়ে গেলে তাঁদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ পরিবারের।

মারধরের ঘটনায় গুরুতর জখম হন সচিন্দর। পরে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পরিবারের তরফে প্রথমে বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগ জানানোর পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়াররা তাঁদের হুমকি দেন এবং ১৩ অগস্ট অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। যদিও পরে পরিবারের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (ইস্ট)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই দুই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আপাতত সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বুধবার তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

সিন্দুক তুলে নিয়ে চম্পট, দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)