
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ আগস্ট: কলেজ চত্বরে ডিজে বক্সের সঙ্গে কয়েকজন ছাত্রছাত্রীর নাচের একটি ভিডিয়ো বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা ঘিরে বিতর্ক তৈরি হয়। তবে ভিডিয়োটির সত্যতা বা সেটি ঠিক কবে এবং কোথায় তোলা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করেনি দুর্গাপুর দর্পণ।
সিপিএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট করে দাবি করেন, স্বাধীনতা দিবসের দিন দুর্গাপুর সরকারি কলেজে এই ঘটনা ঘটেছে। তাঁর সেই পোস্টকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
বিষয়টি নিয়ে সরব হন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ঘটনা স্বাধীনতা দিবসের হলে ভিডিয়োতে থাকা ছাত্রছাত্রীদের এমন কাজের জন্য ক্ষমা চাইতে হবে।
তবে বৃহস্পতিবার এই দাবিকে ঘিরে নতুন তথ্য সামনে আনে বিজেপি। দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেন, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ভিডিয়োটি স্বাধীনতা দিবসের নয়। তাঁর দাবি, ভিডিয়োটি ১৭ অগস্টের।
সুমন্ত মণ্ডল অভিযোগ করেন, দুর্গাপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীদের বদনাম করার উদ্দেশ্যেই সিপিএম ওই ভিডিয়োকে স্বাধীনতা দিবসের ঘটনা হিসেবে তুলে ধরেছে এবং মিথ্যার আশ্রয় নিয়েছে। ভিডিয়োটি ঠিক কবে এবং কোন পরিস্থিতিতে তোলা হয়েছিল, তা নিয়ে বিতর্ক যেন থামছেই না!
আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার
সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

