
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ আগস্ট: মাঝরাতে রণক্ষেত্র পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ। ঘটনাস্থল দুর্গাপুরের ডিপিএল কলোনি। ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের বাড়িতে একদল উত্তেজিত জনতা হামলা চালায়।
তৃণমূল আমলে শশাঙ্ক ও তাঁর দাদার বিরুদ্ধে দাদাগিরি, তোলাবাজি, সাধারণ মানুষকে হেনস্থার নানা অভিযোগ রয়েছে। ভোটের পর থেকে তিনি সপরিবার এলাকাছাড়া ছিলেন। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের আশ্বাসে তিনি এলাকায় ফেরেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
রবিবার রাতে তাঁর কোয়ার্টার্সে চড়াও হয়ে ভাঙচুর চালায় কয়েকজন। দোতলার উপর থেকে ফেলে দেওয়া হয় ঘরে থাকা আসবাবপত্র, অন্যান্য় সামগ্রী। দাবি তোলা হয়, শশাঙ্ককে ফের এলাকা ছেড়ে চলে যেতে হবে। ঘটনার খবর পেয়ে কোকওভেন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু লাভ কিছু হয়নি।
পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে, লাঠিচার্জ করে। শেষে শশাঙ্ককে আটক করে নিয়ে যায় পুলিশ। প্রায় ঘন্টা তিনেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, এলাকায় কিছুতেই থাকতে দেওয়া হবে না ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে।
আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


