WhatsApp Group Join Now
Instagram Group Join Now
কোকওভেন থানার সামনে।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ আগস্ট: শহরে এসে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন ছিল। কিন্তু বাঁকুড়ার বড়জোড়া থানার ফুলবেড়িয়া গ্রাম থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ভাড়া বাড়িতে আসার মাত্র কয়েক দিনের মধ্যেই মৃত্যু হল ৩২ বছরের হরনাথ মহন্তের। রবিবার বিকেলে বাঁকুড়া মোড় এলাকার ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

হরনাথের বাড়ি বাঁকুড়ার বড়জোড়া থানার ফুলবেড়িয়া গ্রামে। ২০২২ সালে তাঁর বিয়ে হয়। এতদিন স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন তিনি। মৃতের পরিবারের অভিযোগ, রানিগঞ্জের এক যুবকের সঙ্গে হরনাথের স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি চলত বলেও দাবি পরিবারের।

গত ১৬ আগস্ট তাঁরা দুর্গাপুরে এসে নতুন করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। হরনাথের মামা মধুসূদন মণ্ডলের অভিযোগ, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি চরমে পৌঁছেছিল। তাঁর দাবি, “সেই অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, তাতে আমাদের সন্দেহ, হরনাথকে খুন করা হয়ে থাকতে পারে।”

হরনাথের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। রবিবার দেহ উদ্ধারের পর সোমবার সন্ধ্যায় সেই প্রশ্নের উত্তর এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হন পরিবারের সদস্যরা। দেহ সঙ্গে নিয়ে কোকআভেন থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)