WhatsApp Group Join Now
Instagram Group Join Now
তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ সেপ্টেম্বর: সরকারি নথিতে আবাস যোজনার উপভোক্তা হিসেবে নাম ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। অথচ বাস্তবে মেলেনি পাকা বাড়ি—এমনই অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানার আনন্দপুর এলাকায় তুমুল বিক্ষোভের পরিস্থিতি তৈরি হল। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ মাঝিকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দাদের একাংশ, বিশেষ করে মহিলারা। বিক্ষোভের মধ্যেই তাঁর মাথায় একাধিক ডিম ছোড়ার অভিযোগ উঠেছে। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং বিশ্বজিৎ মাঝিকে উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, আগের সরকারের সময়ে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এলাকার দরিদ্র পরিবারের কাছ থেকে বিভিন্ন নথিপত্র নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তাঁদের হাতে পাকা বাড়ি এসে পৌঁছয়নি।

সম্প্রতি আবাস যোজনার অনলাইন তথ্য যাচাই করতে গিয়ে কয়েকজন উপভোক্তা জানতে পারেন, তাঁদের নামের পাশে প্রকল্পের স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে। অথচ বাস্তবে তাঁরা কোনও বাড়ি পাননি। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ আরও তীব্র হয় বলে দাবি স্থানীয়দের।

অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ ওরফে বিশু মাঝির দিকে। রবিবার তাঁকে ঘিরেই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর মাথায় পরপর ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে এলাকাতেও ঘোরানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারি রেকর্ডে যদি তাঁদের নামের পাশে ‘সাকসেসফুল’ স্ট্যাটাস দেখানো হয়ে থাকে, তাহলে আবাস যোজনার টাকা কোথায় গেল—সেই প্রশ্নের উত্তর প্রয়োজন। প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল কি না, ঢুকলে তা কে বা কারা তুলেছে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

বিক্ষোভকারী সুষমা বাগদি বলেন, তাঁদের নামে বাড়ি নথিভুক্ত হওয়ার তথ্য রয়েছে, কিন্তু তাঁরা বাড়ি পাননি। দ্রুত তাঁদের বাড়ি দেওয়ার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বিশ্বজিৎ মাঝি। তাঁর দাবি, সেই সময় অনেকের নাম নথিভুক্ত হয়েছিল এবং সেই সূত্রে তাঁদের আইডিও তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে কে বা কাদের বেছে বাড়ি দেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁর কোনও তথ্য নেই বলে দাবি করেন তিনি।

বিশ্বজিৎ মাঝির বক্তব্য, কার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছিল এবং কে সেই টাকা তুলেছেন, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। আবাস যোজনার উপভোক্তাদের নাম ‘সাকসেসফুল’ দেখানোর পরও কেন তাঁরা বাড়ি পেলেন না, প্রকল্পের অর্থ আদৌ কারও অ্যাকাউন্টে গিয়েছিল কি না এবং ঘটনার পিছনে প্রকৃত কারণ কী—এসব বিষয়ই এখন তদন্তের আওতায়।

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)