দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ সেপ্টেম্বর: সরকারি জমিতে নতুন করে দোকান বসানোর চেষ্টা ঘিরে বিতর্ক তৈরি হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে। শনিবার সকালে হাডকো মোড় থেকে বিধাননগর পাম্প হাউসগামী এসএসবি সরণীর ধারে বাঁশ পুঁতে দোকান তৈরির চেষ্টা চলছিল বলে অভিযোগ।
ঘটনা নজরে আসতেই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সুজিত মুখোপাধ্যায়। দোকান বসানোর কাজে যুক্ত ব্যক্তির দাবি, সোমনাথ চক্রবর্তী নামে এক ব্যক্তি তাঁকে সেখানে দোকান বসাতে বলেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
নিজেকে বিজেপির ব্লক সহ-সভাপতি বলে দাবি করেন সোমনাথ চক্রবর্তী। তাঁর বক্তব্য, যিনি দোকানটি বসাচ্ছেন তিনি বিজেপির কার্যকর্তা এবং বেকার। তাঁর রোজগারের ব্যবস্থা করতেই আপাতত দোকান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকার অবৈধ দোকান ভাঙতে এলে এই দোকানও ভেঙে পড়বে—সেকথা তাঁকে জানানো হয়েছে বলেও দাবি সোমনাথের।
তবে এই যুক্তিতে আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দা সুজিত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আর নতুন করে অবৈধ দখলদারি চাই না। আগে যা হয়েছে হয়েছে। বিজেপির কেউ কি বেআইনিভাবে কাউকে এডিডিএর জায়গায় দোকান বসানোর ব্যবস্থা করে দিতে পারেন?”
বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোনও অবৈধ দখলদারি মানা হবে না। কেউ দোকান করতে চাইলে নিয়ম মেনে আবেদন করুন। ইএসআই হাসপাতাল, মহকুমা হাসপাতালের সামনে অনেক স্টল রয়েছে। দরকার হলে এডিডিএ আরও স্টল বানাবে। সেখানে তাঁদের স্টল দেওয়া হবে। কিন্তু সরকারি জায়গা দখল করা যাবে না।”
আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে


