দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ সেপ্টেম্বর: আদালতে মামলা চললে দীর্ঘ সময়, খরচ এবং মানসিক চাপ—সবই বাড়তে পারে। সেই জায়গায় দু’পক্ষের সম্মতিতে আলোচনার মাধ্যমে বিরোধের দ্রুত ও বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তির পথ দেখাতে হলদিয়ায় আয়োজিত হল মিডিয়েশন বা মধ্যস্থতা নিয়ে সচেতনতা শিবির।
শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটির পরিচালনায় এই শিবির হয়। সহযোগিতায় ছিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের। সুপ্রিম কোর্টের ‘Mediation for the Nation 3.0’ প্রকল্পের আওতায় ‘Micro Level Mediation Awareness Programme’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে ও মধুমতী মৈত্র, জেলা জজ জীবন কুমার সাধু, হাইকোর্টের মিডিয়েশন কমিটির মেম্বার সেক্রেটারি সুদীপ বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবনীতা নন্দী, মিডিয়েশন সেন্টারের ওসি ডঃ শুভাশিস মুহুরী এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা।
এছাড়াও তমলুক-হলদিয়া আদালতের আইনজীবী, ল ক্লার্ক, আইনের পড়ুয়া এবং আইসিডিএস কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মিডিয়েশন কমিটির ওসি ডঃ শুভাশিস মুহুরী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নবনীতা নন্দী জানান, মিডিয়েশনের মাধ্যমে বিবদমান দুই পক্ষ আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছতে পারেন। এতে সময় ও খরচ দু’টোই কমে। তাঁদের বক্তব্য অনুযায়ী, দু’পক্ষের সম্মতিতে কলকাতা হাইকোর্ট-সহ নিম্ন আদালতের বহু ধরনের মামলা মিডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তির জন্য নেওয়া হয়। তবে গুরুতর ফৌজদারি মামলার ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য নয়।
আইনি লড়াইয়ের পাশাপাশি আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর এই বিকল্প পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করাই এই ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


