দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ সেপ্টেম্বর: ‘ইন্টারনেট অব থিংস’ (IoT) প্রযুক্তির মাধ্যমে কীভাবে রিয়েল-টাইমে বায়ুর গুণমান মাপা ও নজরদারি করা যায়, তা নিয়ে একদিনের জাতীয় কর্মশালা হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC)-তে। কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় পড়ুয়াদের প্রযুক্তিনির্ভর পরিবেশ পর্যবেক্ষণের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় মূল আলোচক ছিলেন কলকাতার বি. পি. পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির AI ও Machine Learning বিভাগের সহকারী অধ্যাপক ডঃ শুভাশিস দাস। সমন্বয়ের দায়িত্বে ছিলেন BCREC-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডঃ শোভন রায়।
মূলত পঞ্চম সেমিস্টারের পড়ুয়াদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় শেখানো হয়, কীভাবে সেন্সরের সাহায্যে বাতাসের বিভিন্ন উপাদানের তথ্য সংগ্রহ করে তা রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যায়। প্রশিক্ষণের অংশ হিসেবে ESP32 মাইক্রোকন্ট্রোলার কনফিগারেশন, গ্যাস ও পার্টিকুলেট ম্যাটার সেন্সর সংযুক্তিকরণ এবং ডেটা সংগ্রহের পদ্ধতি দেখানো হয়।
পাশাপাশি ওয়্যারলেস কমিউনিকেশন, লোকাল ওয়েব সার্ভার, MQTT প্রোটোকল এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশন ড্যাশবোর্ডের ব্যবহারও শেখানো হয়। ফলে সেন্সর থেকে তথ্য সংগ্রহ, তা নেটওয়ার্কে পাঠানো এবং ড্যাশবোর্ডে বিশ্লেষণের পুরো প্রক্রিয়াটি হাতে-কলমে বুঝতে পারেন পড়ুয়ারা।
শহরের বায়ুদূষণ পর্যবেক্ষণ থেকে নির্মাণস্থলের দূষণ নজরদারি—বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়। স্মার্ট-সিটি ও টেকসই পরিকাঠামো গড়ার ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে IoT প্রযুক্তির সমন্বয়ের গুরুত্বও তুলে ধরা হয় কর্মশালায়।
আরও পড়ুন- ‘ইয়ারি’: বন্ধুত্বের ছোঁয়ায় র্যাগিংমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার ড. বি. সি. রায় একাডেমিতে


