দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর: পড়াশোনা থেকে খেলাধুলা, সংস্কৃতি থেকে বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পড়ুয়াদের সংবর্ধনা জানালো দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুরে। শনিবার সৃজনী অডিটোরিয়ামে স্কুলের ১১তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘রেভারেন্স’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নমবলম এস, ADDA-র সিইও বিবেক কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-আইরিশ মডেল, অভিনেত্রী এবং প্রাক্তন ‘মিস আয়ারল্যান্ড’ আলেকজান্দ্রা টেলর। এছাড়াও উপস্থিত ছিলেন ডিপিএস দুর্গাপুরের প্রো-ভাইস চেয়ারম্যান ড. সঞ্জীব আগরওয়াল এবং ওম দয়াল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ সোসাইটির সম্পাদক সাগর আগরওয়াল-সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্কুলের সঙ্গীত দলের পরিবেশনা ও ফিউশন অনুষ্ঠানের পর প্রকাশিত হয় বার্ষিক মুখপত্র ‘শেডস’ (SHADES)। বিভিন্ন ক্ষেত্রে কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণীর পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নৃত্যনাট্য ‘নবরস—শেডস অফ সোল’। নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের মাধ্যমে মানবমনের নয়টি আবেগ তুলে ধরা হয় পরিবেশনাটিতে।
অনুষ্ঠানে পড়ুয়াদের আত্মবিশ্বাস, নিয়মিত অনুশীলন এবং শেখার প্রতি আগ্রহ ধরে রাখার বার্তা দেন অতিথিরা। স্কুলের অধ্যক্ষ উমেশ চন্দ জয়সওয়াল জানান, পড়ুয়াদের পরিশ্রম ও বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সাফল্যকে স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। হেড গার্ল দেবাংশী চক্রবর্তীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


