WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ অক্টোবর: মাত্র দেড় ঘণ্টার জন্য ফাঁকা ছিল বাড়ি। সেই সুযোগেই ‘মাস্টার কি’ দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুর্গাপুরের বেনাচিতির নিবেদিতা প্লেসের এই চুরির ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে দুইজনকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির মালিক মোহন ব্যানার্জী শ্মশানে গিয়েছিলেন। তাঁর স্ত্রী দেবশ্রী গিয়েছিলেন পাড়ার মন্দিরে। তাঁদের ছেলে ছিলেন কলেজে। এই সুযোগেই বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা।

প্রায় দেড় ঘণ্টা পর বাড়ি ফিরে দেবশ্রী দেখতে পান, বাড়ির পিছনের দরজা খোলা। সন্দেহ হওয়ায় দোতলায় গিয়ে তিনি দেখেন, আলমারি খোলা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই চুরির বিষয়টি সামনে আসে। পরিবারের দাবি, প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং নগদ টাকা উধাও হয়েছে।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন সূত্র খতিয়ে দেখার পাশাপাশি দুষ্কৃতীদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন তদন্তকারীরা।

তদন্তের সূত্র ধরে বুধবার কলকাতার ট্যাংরা মুসলিম পাড়া ক্যাম্প এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল ১৮ বছরের মহম্মদ আমির এবং ৪০ বছরের মহম্মদ করিম। বৃহস্পতিবার তাঁদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়।

তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। বাড়ি ফাঁকা থাকার খবর দুষ্কৃতীরা কীভাবে পেল? চুরি যাওয়া সোনার গয়না ও নগদ টাকা কোথায় রাখা হয়েছে? এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না? ধৃতদের জেরা করে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)