দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ অক্টোবর: হাতে সংবিধানের প্রতীকী কপি, মুখে স্লোগান—নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দুর্গাপুরে পথে নামল কংগ্রেস। বৃহস্পতিবার সিটি সেন্টারে এডিডিএ অফিসের সামনে থেকে মিছিল করে দলটি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানায়। মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। সঙ্গে ছিলেন সুদেব রায়, রবিন গাঙ্গুলী-সহ দলের অন্যান্য নেতা-কর্মী। দলীয় সূত্রে দাবি, কর্মসূচিতে শতাধিক কংগ্রেস কর্মী অংশ নেন।
এডিডিএ অফিসের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সিটি সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে গান্ধী মোড়ের কাছে গান্ধী মূর্তির সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালীন নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটার তালিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে। এর ফলে সংশ্লিষ্ট ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি দলের। এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহিতার দাবি জানানো হয়।
দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, দিল্লিতে সংবিধান রক্ষার দাবিতে বিরোধী দলগুলির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করেছে এবং আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো নাগরিকদের অধিকার এবং সেই অধিকার রক্ষার দাবিতেই দেশজুড়ে কর্মসূচি চলছে।
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলি উঠছে, তার স্বচ্ছ ও স্পষ্ট উত্তর প্রয়োজন। বিশেষ করে ভোটার তালিকায় নাম বাদ পড়ার অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলেছে দলটি। দলীয় নেতৃত্ব জানিয়েছে, সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাবে কংগ্রেস।
তবে কংগ্রেসের এদিনের কর্মসূচীকে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। তিনি বলেন, “একটি চালচুলো হীন দলে পরিণত হয়েছে কংগ্রেস। যেভাবে হোক নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছে। তাই এমন কর্মসূচী নিচ্ছে। দলটাকেই কেউ খুঁজে পাচ্ছে না। সেই দল আবার গণতন্ত্র খুঁজতে বেরিয়েছে।”
আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


