দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ অক্টোবর: গ্যাস কানেকশন আপডেট করানোর নামে ফোন। এরপরই ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর দু’বারে উধাও ৫৬ হাজার ৬০০ টাকা! এবার সাইবার প্রতারণার অভিযোগ তুললেন দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সমীরণ বিশ্বাস। তাঁর আরও অভিযোগ, ঘটনার পর নিজের মোবাইলের উপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। গোটা ঘটনায় আতঙ্কিত সমীরণবাবু ও তাঁর পরিবার।
সমীরণবাবুর অভিযোগ, গত ৪ অক্টোবর গ্যাস কানেকশন আপডেট করার কথা বলে তাঁর কাছে একটি ফোন আসে। অভিযোগ, কথাবার্তার মাধ্যমে তাঁর বিশ্বাস অর্জন করে ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এরপরই মোবাইলে একের পর এক আর্থিক লেনদেনের বার্তা আসতে শুরু করে।
অভিযোগ অনুযায়ী, প্রথমে তাঁর কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ৫৫ হাজার টাকা। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় লেনদেনে কেটে যায় আরও ১ হাজার ৬০০ টাকা। সব মিলিয়ে ৫৬ হাজার ৬০০ টাকা খোয়া যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।
এরপর পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করেন সমীরণবাবু। সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-তে যোগাযোগ করার পাশাপাশি জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে অনলাইনে অভিযোগ জানান তিনি। ব্যাংকের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেন। নিজের ডেবিট কার্ড ব্লক করানোর ব্যবস্থাও করেন বলে জানিয়েছেন তিনি।
কিন্তু উদ্বেগ সেখানেই শেষ হয়নি। সমীরণবাবুর দাবি, ঘটনার পর তাঁর মোবাইল আর স্বাভাবিকভাবে নিজের নিয়ন্ত্রণে ছিল না। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেটি নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করছেন বলে আশঙ্কা তাঁর। এই পরিস্থিতিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
গ্যাস কানেকশন আপডেটের মতো পরিষেবার কথা বলে আসা ফোন কতটা বিপজ্জনক হতে পারে, এই অভিযোগ ফের সেই প্রশ্ন সামনে আনল। তবে ঠিক কীভাবে টাকা হাতানো হয়েছে এবং মোবাইলের নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত ফোনে ব্যাংকের গোপন তথ্য, OTP, PIN কিংবা কার্ডের বিবরণ জানানো উচিত নয়। সন্দেহজনক লেনদেন নজরে এলে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ১৯৩০ নম্বরে সাইবার প্রতারণার অভিযোগ জানাতে হবে। কারণ, প্রতারণার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: চোখে বিশ্বজয়ের স্বপ্ন, ১৩ অক্টোবর তাসখন্দের পথে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


