WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ অক্টোবর: দুর্গাপুরের বিধাননগরের ক্লাব স্যান্টোসের ৫৬তম বর্ষের পুজোয় এবার মণ্ডপ জুড়ে স্বাধীনতার সংগ্রাম, অত্যাচারের স্মৃতি আর মুক্ত বাংলায় দুর্গোৎসবের ছবি। পুরনো রাজবাড়ির আদলে তৈরি মণ্ডপে শিল্প, মূকাভিনয় ও শ্যাডো আর্টের মেলবন্ধনে ফুটে উঠবে এক ঐতিহাসিক যাত্রা।

মণ্ডপে ঢুকতেই দু’পাশে মূকাভিনয়ের মাধ্যমে উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের লড়াই ও অত্যাচারের নির্বাচিত দৃশ্য। দ্বিতীয় পর্বে সুসজ্জিত গোলাকার কাঠামোর উপরের অংশে শ্যাডো আর্টে ফুটে উঠবে সংগ্রামীদের লড়াইয়ের চলমান ছবি। আর শেষ পর্বে যুদ্ধ-সংগ্রামের অবসানে ধরা দেবে স্বাধীন বাংলার শস্য-শ্যামলা রূপ, উৎসবের আবহে দুর্গাপুজো।

বাংলার মাটির সেই সমৃদ্ধিকে তুলে ধরতে ধান-সহ বিভিন্ন শস্য দিয়ে সাজানো হবে দেবী দুর্গার স্থান। গোটা থিমের শিল্পী হাওড়ার অনিমেষ দত্ত। এবার স্যান্টোসের পুজোয় ফিরছে আরও এক পুরনো আকর্ষণ। স্থানীয় মহিলাদের রান্নার প্রতিযোগিতা। চার বছর বন্ধ থাকার পর ফের আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ঘরোয়া রান্নার নানা স্বাদ ও সৃজনশীলতার লড়াইয়ে অংশ নেবেন মহিলারা। বিচারকদের মূল্যায়নে বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে।

স্বাধীনতার ইতিহাস থেকে বাংলার শস্য-সমৃদ্ধি—আর সঙ্গে বাঙালির রসনার টান। ৫৬তম বর্ষে বিধাননগরের ক্লাব স্যান্টোসের পুজোয় এবার নজর কাড়তে চলেছে ইতিহাস ও ঐতিহ্যের এই যুগলবন্দি।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)