WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ অক্টোবর: কারখানার ব্যস্ত কর্মজীবনের ফাঁকে ফাঁকে দেবী দুর্গার প্রতিমা গড়ে ফেললেন দুর্গাপুর স্টিল প্লান্টের (ডিএসপি) কর্মী গোপাল চট্টোপাধ্যায়। অবসর সময়ে প্রায় ছ’মাস ধরে একটু একটু করে তৈরি করেছেন দুর্গাপ্রতিমা। আগামী ফেব্রুয়ারিতে কর্মজীবন থেকে অবসর নিলেও তাঁর তৈরি এই প্রতিমা সংরক্ষিত থাকবে কর্মস্থলেই।

ডিএসপির সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং মেনটেন্যান্স (সিইএম) বিভাগের কর্মী গোপালবাবুর শিল্পচর্চা অবশ্য নতুন নয়। ১৯৯৪ সালে কারখানায় কর্মজীবন শুরু করার পর মাত্র তিন মাসের মধ্যেই অবসর সময়ে বিশ্বকর্মার মূর্তি তৈরি করেছিলেন তিনি। সেই সৃষ্টি দেখে সহকর্মীদের প্রশংসা পেয়েছিলেন।

শুধু দেবদেবীর মূর্তি তৈরি নয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা বাড়ানোর উদ্যোগেও রয়েছে তাঁর শিল্পের ছাপ। গোপালবাবুর বিভাগে প্রতি বছর নিরাপত্তা বিষয়ক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে নিরাপত্তা সংক্রান্ত নানা মাটির পুতুল তৈরি করে পুরস্কারও পেয়েছেন তিনি।

এবার তাঁর শিল্পসাধনার কেন্দ্রে দেবী দুর্গা। গত অক্ষয় তৃতীয়ার দিন প্রতিমা তৈরির কাজ শুরু করেন গোপালবাবু। কর্মব্যস্ততার মাঝেই অবসর সময়কে কাজে লাগিয়ে প্রায় ছ’মাস ধরে ধীরে ধীরে গড়ে তোলেন প্রতিমাটি।

কর্মজীবনের শেষ অধ্যায়ে পৌঁছেও তাঁর এই সৃষ্টি সহকর্মীদের কাছে হয়ে উঠেছে বিশেষ স্মৃতি। সহকর্মীদের উদ্যোগে প্রতিমাটি কর্মস্থলে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফলে অবসরের পরেও ডিএসপির সঙ্গে গোপালবাবুর শিল্পসৃষ্টির সম্পর্ক অটুট থাকবে।

আরও পড়ুন: চোখে বিশ্বজয়ের স্বপ্ন, ১৩ অক্টোবর তাসখন্দের পথে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)