
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট: দাবার বোর্ডে বুদ্ধির লড়াই। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের সংঘশ্রী ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘Board of Brains’ শীর্ষক দাবা প্রতিযোগিতা। চতুর্থ শ্রেণি থেকে স্নাতক স্তর পর্যন্ত মোট ৪৮ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
এই প্রতিযোগিতায় অন্ডাল উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মোট ৪৮ জন প্রতিযোগীর মধ্যে ২০ জনই ছিল এই স্কুলের ছাত্রছাত্রী। তাঁরা প্রত্যেকেই স্কুলের ইউনিফর্ম পরে প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগীদের দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের রাখা হয় ‘ক’ বিভাগে। নবম শ্রেণি থেকে স্নাতক স্তর পর্যন্ত প্রতিযোগীরা অংশ নেয় ‘খ’ বিভাগে।
সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে পুরো প্রতিযোগিতাটি সুন্দরভাবে পরিচালনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলে দাবার লড়াই। শেষ পর্যন্ত ফাইনাল খেলা শেষ হয় প্রায় সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ।
‘ক’ বিভাগে সেরা তিন
‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির রূপম চক্রবর্তী। দ্বিতীয় হয় অষ্টম শ্রেণির রম্যদীপ্ত দাস। তৃতীয় স্থান পায় চতুর্থ শ্রেণির অভি সরকার। এই প্রতিযোগিতার সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী ছিল অভি।
‘খ’ বিভাগে সেরা তিন
‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করে একাদশ শ্রেণির অতনু দাস। দ্বিতীয় হয় দ্বাদশ শ্রেণির সূর্য কুমার সিংহ। তৃতীয় স্থান পায় দশম শ্রেণির নীলাদ্রি দে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, দুই বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক ছাত্রছাত্রীকেও সার্টিফিকেট দেওয়া হবে। দুর্গাপুজোর সময় সংঘশ্রী ক্লাব প্রাঙ্গণেই সকল প্রতিযোগীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে
সিন্দুক তুলে নিয়ে চম্পট, দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

