
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ আগস্ট: রাতের অন্ধকারে দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা। তারপর ইন্টারলক ভেঙে সিন্দুক বের করে নিয়ে যায় তারা। জঙ্গলের মধ্যে সেই সিন্দুক ফেলে অলংকার ও বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের শিবাজী রোডে সোনার দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবাজী রোডের ওই দোকানে রাতের কোনও এক সময় হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকার পর তারা ইন্টারলক ভেঙে সিন্দুকটি বের করে নিয়ে যায়। পরে দোকান থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের মধ্যে সিন্দুকটি ফেলে রেখে তার ভিতরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
দোকানের মালিক পিন্টু পালের দাবি, দুষ্কৃতীরা প্রায় ৩ কেজি রুপোর গয়না, ১৫ গ্রাম সোনার অলংকার এবং প্রায় ২ কুইন্টাল কাঁসা ও পিতলের বাসন নিয়ে গিয়েছে। তাঁর হিসাব অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। দোকান ও আশপাশের এলাকা খতিয়ে দেখার পাশাপাশি কী ভাবে দুষ্কৃতীরা দোকানে ঢুকল এবং কোথা দিয়ে পালাল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
দুষ্কৃতীদের ফেলে যাওয়া সিন্দুক ও ঘটনাস্থল থেকে কোনও গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চুরির ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিল কি না , সব তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে
সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

