
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট: রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে স্মরণ করে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মনোজ্ঞ আয়োজন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং কমপ্লেক্স প্রেক্ষাগৃহে গত ১৩ আগস্ট সন্ধ্যায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘শুদ্ধকল্যাণ’ সংস্থা।
প্রায় চার ঘণ্টার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও সমবেত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং সংবর্ধনা পর্ব ছিল। শুধু ‘শুদ্ধকল্যাণ’-এর শিল্পীরাই নন, অনুষ্ঠানে অংশ নেন একাধিক আমন্ত্রিত সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীও। বিশিষ্ট শিল্পীদের মধ্যে ছিলেন বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেব বর্মন, অলোক চৌধুরী, আনন্দিতা রায়, ঋতুকণা ভৌমিক, অর্ণশ্রী চক্রবর্তী, শিখা পাল, সত্য বন্দ্যোপাধ্যায় এবং রোশনি মজুমদার। তাঁদের পাশাপাশি আরও বেশ কয়েকজন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন দেবদাস সেন, কাকলি সেন এবং রূপা মুখোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি, মোহর-সহ বিভিন্ন পরিচিত সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।
আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে
সিন্দুক তুলে নিয়ে চম্পট, দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি
গান, আবৃত্তি ও নৃত্যের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্ট শিল্পী এবং সাংস্কৃতিক সংস্থাগুলিকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের শিল্পীসত্তা ও সাংস্কৃতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ, জানান আয়োজকরা।
পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিকল্পনা ও পরিচালনার পিছনে ছিলেন ‘শুদ্ধকল্যাণ’-এর কর্ণধার ড. কৌশিক মজুমদার। তাঁর পরিকল্পনা ও পরিচালনায় দীর্ঘ সময় ধরে চলা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে তাঁর সৃষ্টিকে নতুন করে মনে করার এই আয়োজন খুবই উপভোগ্য হয়ে উঠেছিল দর্শকদের কাছে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

