WhatsApp Group Join Now
Instagram Group Join Now
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে চলছে প্রস্তুতি।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আজ, বৃহস্পতিবার দুর্গাপুরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর দু’টো থেকে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে শুরু হবে এই বৈঠক। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া— এই পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন পাঁচ জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা। পাশাপাশি আমন্ত্রিত রয়েছেন সংশ্লিষ্ট জেলার বিধায়কেরাও।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দুর্গাপুর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সৃজনী হল ও তার আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। জানা গিয়েছে, অন্ডাল বিমানবন্দর থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িতে দুর্গাপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। গান্ধী মোড় হয়ে তাঁর কনভয় শহরে প্রবেশ করবে। বিকেল চারটে পর্যন্ত বৈঠক চলার সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে তিনি অণ্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দুর্গাপুর সফরে আসছেন শুভেন্দু অধিকারী। তাঁকে স্বাগত জানাতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি করা হয়েছে তোরণ। গান্ধী মোড় ও ডিএমসি মোড় এলাকায় লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি ও দলীয় পতাকা। তাঁর এই সফর ও প্রশাসনিক বৈঠক থেকে কী বার্তা উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।