WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুজো বা কালীপুজোর পরেই দুর্গাপুর পুরভোট হতে পারে বলে ইঙ্গিত দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভোটের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে দ্রুত নির্বাচিত পুরবোর্ডের হাতে দায়িত্ব তুলে দিতে চায় সরকার।

মুখ্যমন্ত্রীর দাবি, পুনর্বিন্যাস, ভোটার তালিকা প্রকাশ এবং জরুরি নাগরিক পরিষেবার কাজ শেষ হলেই পুরভোটের পথ পরিষ্কার হবে। পাশাপাশি ২০১৭ সালের পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি আমলে কোনও ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হবে না। দুর্গাপুরের মানুষ এ বার নিজের ভোট নিজেই দিতে পারবেন বলেও আশ্বাস দেন তিনি।

এ বার বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম— দুই কেন্দ্রেই বিজেপির জয়ের পর পুরভোট ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে। দ্রুত নির্বাচন করানোর দাবিতে সরব হয়েছেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং লক্ষ্মণ ঘোড়ুই। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন নির্বাচিত পুরবোর্ড না থাকায় শহরের নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোট কখন হবে, রাজ্য নির্বাচন কমিশন বলবে। তবে যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। দুর্গাপুজো বা কালীপুজোর পরে যে কোনও সময়ে নির্বাচন করার বিষয়ে আমরা সহযোগিতা করব রাজ্য নির্বাচন কমিশনকে। তার আগে পুনর্বিন্যাস, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং এখন যে নাগরিক পরিষেবা চালু করা দরকার, তা করা হচ্ছে।’’