
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন করে শিল্প ও কর্মসংস্থানের পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, বন্ধ কারখানা পুনরুজ্জীবিত করা এবং নতুন শিল্প আনার বিষয়ে আগামী কয়েক মাসের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আসানসোল থেকে দুর্গাপুর পর্যন্ত শিল্পাঞ্চলের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে শিল্পে নতুন জোয়ার আনার চেষ্টা করবে সরকার। বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকেও জোর দেওয়া হবে বলে জানান তিনি।
দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলে বহু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ বা ধুঁকছে। এমএএমসি, এইচএফসিএল, বিওজিএল, হিন্দুস্তান কেবলসের মতো একাধিক সংস্থা কার্যত অচল। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও বড় অংশ বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। শিল্পমহলের দাবি, কাঁচামালের অভাব, বাজার সংকট এবং সরকারি উদ্যোগের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপুর শিল্পাঞ্চলের বিষয়ে ২-৩ মাস আমাদের দিন। এখানে আমাদের সব বিধায়কই বলেছেন, আসানসোল, চিত্তরঞ্জন, অন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত একদম প্রায় খরা করে দিয়েছে। সেল-সহ যা যা কেন্দ্র ও রাজ্যের সংস্থা আছে, আমরা এক সঙ্গে মিলে এখানে কী ভাবে শিল্পের জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, দেখব।’’

