WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: দুর্ঘটনার মুহূর্তটা এখনও ভুলতে পারছেন না শ্রমিকরা। আচমকা বিকট শব্দ, তারপরই আগুন আর ধোঁয়া। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় ভাটি বিস্ফোরণে গুরুতর জখম হন এক ক্রেন চালক-সহ আরও কয়েকজন শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ চলাকালীন আচমকাই ভাটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একটি অংশের ছাদ ও দেওয়াল ভেঙে পড়ে। আগুনের ফুলকি ও উত্তপ্ত ধাতব অংশ ছিটকে এসে শ্রমিকদের শরীরে লাগে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানাজুড়ে। আহতদের চিৎকার শুনে সহকর্মীরাই প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

জখমদের দ্রুত উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক ক্রেন চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত সেফটি ব্যবস্থা ছিল না। নিয়ম মেনে নিরাপত্তা সরঞ্জাম ও সতর্কতা ব্যবস্থা থাকলে এত বড় দুর্ঘটনা এড়ানো যেত বলেই দাবি তাঁদের।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তবে আহত শ্রমিকদের পরিবার ও সহকর্মীদের একটাই প্রশ্ন— কর্মস্থল কি সত্যিই নিরাপদ?