
পুলিশের তৎপরতায় হাসি ফিরল বৃদ্ধার মুখে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর বাজারে একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এক বৃদ্ধা। কয়েকদিন আগে তাঁর দোকান থেকে একটি ব্যাগ চুরি হয়ে যায়। ব্যাগে ছিল জমানো কিছু টাকা, একটি মোবাইল ফোন, বাড়ি ও দোকানের চাবি, ব্যবহৃত চশমা এবং দৈনন্দিন প্রয়োজনীয় আরও কিছু সামগ্রী। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
তিনি কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। কোক ওভেন থানার আধিকারিক বিজয় দলপতির নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের দায়িত্ব পান এএসআই মুকুল মণ্ডল।
সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং গোপন সূত্রের সাহায্যে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, বিহারের বাসিন্দা দুই ভাই—বিট্টু সোনি ও সুরজ সোনি, যারা ওয়ারিয়া ফাঁড়ি এলাকার গোপাল মাঠে ভাড়া থাকতেন, তারাই এই চুরির ঘটনায় জড়িত।
তদন্তে আরও উঠে আসে, ওই দিন দুর্গাপুর বাজারে শুধু ওই বৃদ্ধার ব্যাগই নয়, আরও কয়েকজনের কাছ থেকে মোট পাঁচটি মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি
আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে
দুর্গাপুরে ‘গান্ধীগিরি’ করল বিজেপি; ৭ দিনের আল্টিমেটাম, তারপর ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি
পরবর্তীতে কোক ওভেন থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। আদালতে পেশ করার পর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া ব্যাগ, মোবাইল ফোন, চশমা-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী খুব শীঘ্রই প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।
নিজের হারিয়ে যাওয়া সম্বল ফিরে পাওয়ার খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধা। তিনি বলেন, “এই জিনিসগুলোই ছিল আমার জীবনের শেষ সম্বল। পুলিশ এত দ্রুত সব উদ্ধার করবে, তা আমি ভাবতেই পারিনি।”
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই ঘটনায় কোক ওভেন থানার পুলিশ শুধু অপরাধীদের গ্রেফতার করেই দায়িত্ব পালন করেনি, বরং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।

