WhatsApp Group Join Now
Instagram Group Join Now

পুলিশের অভিযানে উদ্ধার ২১টি গরু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিহার থেকে জাতীয় সড়ক ধরে গরু পাচারের অভিযোগে একটি ট্রাক আটক করল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ২১টি গরু এবং গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সোমবার সকালে ফরিদপুর ফাঁড়িতে পৌঁছে পুলিশকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান বিজেপি যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিহার থেকে কলকাতার দিকে একটি গরুবোঝাই ট্রাক যাওয়ার খবর পেয়ে অভিযান চালায় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। তল্লাশির সময় ট্রাকটি আটক করা হয়। সেখান থেকে ২১টি গরু উদ্ধার করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে।

পুলিশের এই অভিযানের পর সোমবার সকালে ফরিদপুর ফাঁড়িতে যান বিজেপির দুর্গাপুরের যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে মিষ্টি খাইয়ে পুলিশের অভিযানের জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি

আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুরে ‘গান্ধীগিরি’ করল বিজেপি; ৭ দিনের আল্টিমেটাম, তারপর ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি

এই প্রসঙ্গে পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন পর গরু পাচারের বিরুদ্ধে পুলিশকে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সাধারণ মানুষের পক্ষ থেকেও তাঁদের এই কাজের জন্য ধন্যবাদ জানাতে এসেছি।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া গরুগুলির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।