WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জনকল্যাণ শিবির। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আয়োজিত এই শিবিরগুলিতে সকাল থেকেই দেখা যায় ব্যাপক উৎসাহ ও দীর্ঘ অপেক্ষারত মানুষের সারি।

সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়াম এবং এমএএমসি টাউনশিপের রাশিয়ান হোস্টেলে আয়োজিত শিবিরে প্রখর গরম উপেক্ষা করে বহু মানুষ উপস্থিত হন। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারত, বিধবা ভাতা ও বার্ধক্য পেনশন-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদন করতে ভিড় জমান সাধারণ মানুষ। ভগৎ সিং স্টেডিয়ামের শিবির পরিদর্শন করেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

শুধু সরকারি পরিষেবাই নয়, পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয় এই উদ্যোগে। উপস্থিত নাগরিকদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। পাশাপাশি লাইনে অপেক্ষারত মানুষদের বিনোদনের জন্য বাউল শিল্পীদের সঙ্গীত পরিবেশন শিবিরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রশাসনিক আধিকারিক ও স্বেচ্ছাসেবকেরা দ্রুত পরিষেবা নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, কাঁকসা ব্লকে বিডিও অফিসের পাশের একটি ভবনেও অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সরকারি সুবিধা পেতে দূরদূরান্ত থেকে মানুষ সেখানে হাজির হন। গলসি ব্লক ১-এর বিভিন্ন এলাকাতেও অনুরূপ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। গলসি বিধায়ক রাজু পাত্র গলসি ব্লক ২-এর সিমনোড় কর্মতীর্থে আয়োজিত শিবির পরিদর্শন করেন।