
২৩ জন প্রতিযোগীর অভিনব উপস্থাপনা, ১৩টি রিসাইকেল মডেল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ আগস্ট: পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং সৃজনশীল উদ্ভাবনের বার্তা ছড়িয়ে দিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসএমএস কলেজের গ্রিনোভেশন ক্লাব, দুর্গাপুর সাব-ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি (DSSCCS) এবং ASAR-এর যৌথ উদ্যোগে শুক্রবার ‘ওয়েস্ট টু ওয়ান্ডার’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিবেশপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনায় গ্রিনোভেশন ক্লাবের সভাপতি সৌরভ চ্যাটার্জী পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগিতায় ২৩ জন প্রতিযোগী অংশ নিয়ে ১৩টি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি অভিনব মডেল প্রদর্শন করেন। ফেলে দেওয়া সামগ্রীকে নতুন রূপ দেওয়ার নানা উদ্যোগ দর্শকদের প্রশংসা কুড়ায়।
বিচারকদের রায়ে ফেলে দেওয়া জুটের ব্যাগ তৈরি করে প্রথম হন শ্রুতি মিশ্র। পরিত্যক্ত কাপড় দিয়ে পাপোশ তৈরি করে দ্বিতীয় স্থান অর্জন করেন অনিকেত কুমার মিশ্র। ব্যবহৃত জামা-কাপড় দিয়ে গোপাল ঠাকুরের জন্য দোলনা তৈরি করে তৃতীয় হন রুম্পা গড়াই।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?
বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ
অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন পরিবেশকর্মী কবি ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন ASAR-এর পম্পা চক্রবর্তী এবং ডিএসএমএস কলেজের ড. স্বপন কুমার গুপ্ত ও ড. মৌমিতা কর। তাঁরা বর্জ্যকে সম্পদে পরিণত করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব উদ্ভাবনে তরুণদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীকে সম্মান জানানো হয়। আয়োজকদের বক্তব্য, পরিবেশবান্ধব উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

