WhatsApp Group Join Now
Instagram Group Join Now
চলছে স্বাস্থ্য শিবির

সহযোগিতায়, দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ আগস্ট: চিকিৎসার সুযোগ সব সময় সকলের কাছে সমানভাবে পৌঁছে যায় না। বিশেষ করে প্রান্তিক এলাকার বহু মানুষ নানা কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। সেই বাস্তবতাকে সামনে রেখেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার ওয়াড়িয়ায় শনিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএসপিসিএল (NSPCL)। দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত ‘জন আরোগ্য শিবির’-এ এলাকার একশোরও বেশি বাসিন্দা স্বাস্থ্য পরীক্ষা করান।

শিবিরে উপস্থিত চিকিৎসকেরা বিভিন্ন সাধারণ শারীরিক সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের পরামর্শ দেন। শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। ফলে চিকিৎসা ও ওষুধের খরচ নিয়ে যাঁরা চিন্তিত থাকেন, তাঁদের কাছে এই উদ্যোগ বিশেষ স্বস্তি এনে দেয়।

শুধু চিকিৎসা পরিষেবাতেই সীমাবদ্ধ থাকেনি এই কর্মসূচি। মহিলাদের স্বাস্থ্যবিধির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে শিবিরে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা করেছিল দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি। আয়োজকদের মতে, চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও এই শিবিরের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: ডিএসপি-র সিএসআর প্রকল্পে বসুন্ধরা পার্কে ১৫০ ফলের চারা রোপণ

দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির তরফে মানস সরখেল জানান, এই স্বাস্থ্য শিবির আয়োজনের আগে এলাকায় সমীক্ষা চালানো হয়েছিল। বাসিন্দাদের মধ্যে কী ধরনের শারীরিক সমস্যা বেশি এবং কোন কোন ওষুধের চাহিদা রয়েছে, তা খতিয়ে দেখেই পরিকল্পনা তৈরি করা হয়। সেই তথ্যের ভিত্তিতেই প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, এবছর টেন্ডারের মাধ্যমে এনএসপিসিএলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে তাঁদের সংস্থা। সেই সহযোগিতায় ভবিষ্যতে প্রতি মাসে অন্তত দু’বার করে বিভিন্ন এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার সুবিধা পান।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, নিয়মিত এ ধরনের স্বাস্থ্য শিবির হলে প্রান্তিক এলাকার বহু মানুষ সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারবেন। আয়োজকদের আশা, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে এলাকার মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলবে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)