WhatsApp Group Join Now
Instagram Group Join Now

তিন মাসের বেতন বকেয়া

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সগড়ভাঙা কলোনিতে জল সরবরাহ পরিষেবা ঘিরে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে মঙ্গলবার আবাসন দফতরের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ভালভ অপারেটররা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, বুধবারের মধ্যে বকেয়া মজুরি না মিটলে বৃহস্পতিবার থেকে সমস্ত ভালভ অপারেটর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।

স্থানীয় সূত্রের দাবি, সগড়ভাঙা কলোনিতে প্রায় দুই হাজার পরিবারের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন মোট ৩১ জন ভালভ অপারেটর। তাঁরা কাজ বন্ধ করলে গোটা এলাকায় জল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিক্ষোভস্থলে উপস্থিত ভালভ অপারেটর প্রদ্যুৎ দত্ত চৌধুরী জানান, আগের ঠিকাদারের সময় প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বেতন মিলত। কিন্তু নতুন ঠিকাদার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেতন অনিয়মিত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি প্রশাসন ও এলাকার দুই বিধায়কের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।

আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?

বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এর দাবি, আবাসন দফতরে ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মীদের বেতন সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে এবং কর্মীদের ন্যায্য বেতন দ্রুত মেটানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, সমস্যার দ্রুত নিষ্পত্তির দাবিতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। তাঁর আশা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে এবং জল সরবরাহ পরিষেবায় কোনও বিঘ্ন ঘটবে না। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)