WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পর এবার দুর্গাপুর শহরেও নারী নিরাপত্তায় নামল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে গড়ে ওঠা এই বিশেষ দলে রয়েছেন প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা। স্কুটারে চেপে শহরের বিভিন্ন প্রান্তে নিয়মিত টহল দেবেন তাঁরা। বিশেষ নজর থাকবে জনবহুল এলাকা, বাজার, স্কুল-কলেজের আশপাশ এবং মহিলাদের বেশি আনাগোনা রয়েছে এমন জায়গাগুলিতে।

বর্তমানে স্কোয়াডের হাতে রয়েছে আটটি স্কুটার। পুলিশ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। শুধু নির্দিষ্ট কোনও সময় নয়, বছরভর নজরদারি চালাবে এই দল। কোনও মহিলা বিপদে পড়েছেন—এমন খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর লক্ষ্য থাকবে স্কোয়াডের সদস্যদের। জরুরি পরিস্থিতিতে মহিলারা ১০০ বা ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারবেন, জানিয়েছে পুলিশ।

শনিবার দুর্গাপুরে স্কোয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার প্রণব কুমার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, ডেপুটি কমিশনার রসপ্রীত সিং-সহ পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। পুলিশ কমিশনার জানান, গত মাসে আসানসোলে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু করা হয়েছিল। এবার একই ব্যবস্থাকে দুর্গাপুরেও নিয়ে আসা হল। স্কুল, কলেজ, বাজার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেবে এই দল। আগামী দিনে স্কোয়াডের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, গত ১৫ বছর ধরে মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন এবং তাঁদের পরিবারের সদস্যদেরও উদ্বেগে থাকতে হয়েছে। তাঁর বক্তব্য, সরকার পরিবর্তনের পর মহিলাদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।

দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী বলেন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাঁর দাবি, পুলিশ বাহিনীর আধুনিকীকরণের উপরও জোর দেওয়া হচ্ছে। পুরনো থানার গাড়ি বদলে নতুন গাড়ি আনা এবং পুলিশকর্মীদের কাজের পরিকাঠামো উন্নত করার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। সব মিলিয়ে, দুর্গাপুরের রাস্তায় এবার আরও দৃশ্যমান হবে মহিলা পুলিশের উপস্থিতি। কোনও মহিলা সমস্যায় পড়লে দ্রুত পৌঁছে যাওয়া, সংবেদনশীল জায়গাগুলিতে আগাম নজরদারি এবং নিয়মিত টহল—এই তিন লক্ষ্যকে সামনে রেখেই কাজ শুরু করল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!