WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ আগস্ট: শ্রমিকদের ১১ দফা দাবিকে সামনে রেখে দেশব্যাপী স্মারকলিপি অভিযান শুরু করল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সোমবার এই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও আয়োজিত হয় স্মারকলিপি অভিযান। প্রবল বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন বলে বিএমএসের দাবি।

পশ্চিম বর্ধমান জেলা বিএমএস সম্পাদক মৃন্ময় ব্যানার্জীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুরের এসডিও-র কাছে ১১ দফা দাবির স্মারকলিপি জমা দেওয়া হয়। বিএমএসের দাবি, কর্মসূচিতে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ শ্রমিক উপস্থিত ছিলেন।

বিএমএসের অন্যতম প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রতিষ্ঠানগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করা। একইসঙ্গে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করা এবং ইপিএফও-র সর্বোচ্চ সীমা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিও জানানো হয়েছে। শ্রমিকদের জন্য ‘সমান কাজের জন্য সমান মজুরি’র দাবিও তুলে ধরা হয়েছে।

স্মারকলিপি প্রদানকারী প্রতিনিধিদলে ছিলেন স্টিল ফেডারেশনের সহ-সভাপতি ধর্মচন্দ্র মিশ্র, রাজ্য বিএমএস সদস্য অরূপ রায়, ডিএসপি কন্ট্রাক্ট ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বায়ক পঞ্চম সিং ও সহ-আহ্বায়ক সঞ্জীব পাল, ডিপিএল পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সচিব নিমাই পাল, বিএমএসের প্রবীণ নেতা রবি সাউ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সমিতির রাজ্য সহ-সভাপতি মনিকা মুখার্জি সরকার।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

কর্মসূচিকে সফল করতে দুর্গাপুরের বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরাও অংশ নেন। ডিএসপি ইউনিটের সভাপতি সমীর সিংরাই ও সাধারণ সম্পাদক হৃষিকেশ সিং, ডিটিএমএস-এর সাধারণ সম্পাদক মনোজ গুপ্ত, এএসপি স্থায়ী শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় এবং চুক্তিভিত্তিক শ্রমিকদের সহ-আহ্বায়ক রাহুল হাজরা, সৌমেন ধারা, মুকেশ মণ্ডল ও প্রসেনজিৎ মণ্ডল কর্মসূচিতে নেতৃত্ব দেন।

প্রবল বৃষ্টির মধ্যেও শ্রমিকদের উল্লেখযোগ্য উপস্থিতিকে কর্মসূচির সাফল্য হিসেবে দাবি করেছেন বিএমএস নেতৃত্ব। সংগঠনের নেতা ধর্মচন্দ্র মিশ্র বলেন, চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমান কাজের জন্য সমান মজুরি দেওয়ার দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। বিএমএস নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তুলে ধরতেই এই দেশব্যাপী স্মারকলিপি অভিযান। দুর্গাপুরের কর্মসূচির মাধ্যমে শিল্পাঞ্চলের শ্রমিকদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হল। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)