WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ আগস্ট: বিজেপি কর্মীদের ডিম ছোড়ার আক্রমণ প্রতিহত করতে পিস্তল ব্যবহারের আহ্বান জানিয়ে বিতর্কে জড়ালেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপির লোকজন ডিম কিনে মানুষকে আক্রমণ করছেন। অথচ স্কুলে পড়ুয়াদের জন্য ডিম পাওয়া যাচ্ছে না।

এই প্রসঙ্গে সাংসদ বলেন, “আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি। আত্মরক্ষার অধিকার সবারই আছে।” তবে পরে তাঁর পিস্তলের লাইসেন্স সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি মজা করে বলেছিলাম; আমার ২৫ বছর ধরেই পিস্তলের লাইসেন্স আছে।” সাংসদ আরও বলেন, তাঁর সঙ্গে ছয়টি ক্যামেরা নিয়ে একটি দল রয়েছে। কেউ ডিম ছুড়লে সেই ঘটনা ক্যামেরায় রেকর্ড করা হবে বলেও জানান তিনি।

এদিন বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে লুটপাট ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। বিজেপি বিধায়করা কারখানায় গিয়ে তাঁদের ঘনিষ্ঠদের চাকরি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এই সংক্রান্ত ভিডিও তিনি সংগ্রহ করছেন বলে জানান। তাঁর দাবি, ইতিমধ্যেই ১৮টি ভিডিও তাঁর হাতে এসেছে। ৫০টি ভিডিও সংগ্রহ হলে সেগুলি প্রকাশ্যে আনা হবে।

কয়লা পাচার নিয়েও ফের সরব হন সাংসদ। তাঁর দাবি, কয়লা পাচারের অভিযোগ জানিয়ে তিনি কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে আগে একটি চিঠি দিয়েছিলেন। নির্বাচনের কারণে সেই চিঠি প্রত্যাহার করা হলেও এবার ফের চিঠি পাঠাবেন। নতুন চিঠিতে আরও কয়েকজনের নাম থাকবে বলে দাবি করেন তিনি। আগের চিঠিতে কয়লা উত্তোলনের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং কয়েকজন তৃণমূল নেতার নাম ছিল।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

এদিন নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও বিস্ফোরক দাবি করেন সাংসদ। তাঁর বক্তব্য, তাঁকে দলবদলের জন্য তিনটি প্রস্তাব দেওয়া হয়েছিল। টাকা থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত দেওয়ার প্রস্তাব ছিল বলে দাবি করেন তিনি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানান সাংসদ। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সাংসদ করেছেন এবং তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সম্ভব নয়।

নিজের পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ছয়বার গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি কারাবরণ করেছিলেন। সেই পরিবারের আদর্শেই তিনি নিজের ইচ্ছায় রাজনীতিতে রয়েছেন বলেও দাবি করেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)