WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রায় আট বছর আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতির একটি বহুতল থেকে ট্রলি ব্যাগবন্দি অবস্থায় তরুণীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ রায় দিল দুর্গাপুর আদালত। বহুল চর্চিত ওই খুনের মামলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তৎকালীন মেজিয়া শাখার ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেছে দুর্গাপুর আদালত। সোমবার আদালত এই রায় ঘোষণা করে। আদালত সূত্রে খবর, মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা করা হবে।

ঘটনাটি ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের। পুলিশ সূত্রে জানা যায়, বেনাচিতির একটি শপিং মলের পিছনের বহুতলের চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন রাজীব কুমার। ১৫ ফেব্রুয়ারি সকালে তাঁর স্ত্রী মণীষা থানায় ফোন করে জানান, তাঁদের ফ্ল্যাটে এক তরুণী আত্মঘাতী হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের সামনের করিডোরে লিফটের বিপরীতে থাকা একটি ছোট ঘর থেকে ট্রলি ব্যাগের ভিতরে শিল্পা আগরওয়ালের পচন ধরা দেহ উদ্ধার করে।

তদন্তে উঠে আসে, নিহত শিল্পা আগরওয়াল মেজিয়া শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই ব্যাঙ্ক মিত্র হিসেবে কাজ করতেন। কাজের সূত্রে রাজীবের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরবর্তীতে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রাজীবের স্ত্রী মণীষা একই ব্যাঙ্কের ফুলঝোড় শাখার সহকারী ম্যানেজার ছিলেন। তাঁদের ছোট মেয়ে রাঁচিতে দিদার কাছে থাকত। ৯ ফেব্রুয়ারি স্ত্রী রাঁচিতে যাওয়ার পর সেদিনই শিল্পা বেনাচিতির ওই ফ্ল্যাটে আসেন। অভিযোগ, ১০ ফেব্রুয়ারি রাতে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।

পুলিশের দাবি, খুনের পর প্রথমে মৃতদেহটি একটি পরিত্যক্ত ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি স্ত্রী বাড়ি ফিরে সব জানতে পারেন। এরপর রাজীব খুন ধামাচাপা দেওয়ার জন্য বাজার থেকে একটি বড় ট্রলি ব্যাগ কিনে দেহটি তার ভিতরে ভরে ফ্ল্যাটের সামনের করিডোরে লিফটের উল্টোদিকের ছোট ঘরের ভেতরে ঢুকিয়ে দেন। তদন্তে নেমে পুলিশ রাজীব ও তাঁর স্ত্রী মণীষাকে গ্রেফতার করে। পরে মণীষা জামিনে মুক্তি পান।

কলেজ ছাত্রের উপর বেপরোয়া হামলা ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে

জেরায় রাজীব পুলিশকে জানান, শিল্পা তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। ঘটনার রাতে দু’জনে একসঙ্গে খাওয়াদাওয়া ও মদ্যপান করেন। শিল্পা ঘুমিয়ে পড়ার পর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তিনি স্বীকার করেন। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি। পরে দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। দীর্ঘ বিচারপর্ব শেষে সোমবার আদালত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তাঁর সাজা ঘোষণা করা হবে।