
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের এক ছাত্রের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিপুল বর্মনের অভিযোগ, বুধবার রাতে ঝর্নাপল্লী এলাকায় তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর কয়েকজন মিলে লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালের শয্যায় শুয়ে তাঁর প্রশ্ন, মতের অমিল বা ছাত্র রাজনীতির কারণে কেন একজন ছাত্রকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? বিজেপির তরফে যখন ভোটের ফল প্রকাশের পরে বার বার বলা হয়েছে, বিরোধীদের অকারণে হেনস্থা করা হবে না, সেখানে বিজেপির ইন্ধন ছাড়া এই ঘটনা কী ভাবে ঘটতে পারে?
ঘটনার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপুল। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের নেতা অচিন্ত্য শর্মার দাবি, বুধবার রাতে ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে বচসা ও অশান্তি চলছিল। খবর পেয়ে তিনি সেখানে যান পরিস্থিতি শান্ত করার জন্য। তাঁর দাবি, তিনি বা তাঁর সংগঠনের কোনও সদস্য বিপুলের উপর হামলা চালাননি।
অচিন্ত্য শর্মা আরও বলেন, কলেজ চত্বরে রাজনৈতিক সংঘাত নয়, সুস্থ শিক্ষার পরিবেশ বজায় থাকুক, সেটাই তাঁদের লক্ষ্য। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের কিছু নেতা কলেজে মৌরুসী পাট্টা ফেঁদে বসেছেন। রাজ্যে সরকার বদলের পরেও তাঁদের চরিত্র বদলায়নি। এটা আর চলতে দেওয়া হবে না কোনও ভাবেই।

