WhatsApp Group Join Now
Instagram Group Join Now
উপরে, ধৃত কল্যাণী বেদ এবং নীচে, উদ্ধার হওয়া গয়না।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রায়ডাঙার বাসিন্দা বানো শেখ ১৪ আগস্ট বাড়ি ফেরার জন্য মুচিপাড়ায় বাসে ওঠেন। পাশেই বসেছিলেন এক মহিলা সহযাত্রী। বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার পরে তিনি খেয়াল করেন, তাঁর ব্যাগে থাকা প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের সোনার দুটি বালা উধাও। কোকওভেন থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

পুলিশ তদন্তে নেমে বার্নপুরের হীরাপুর ৮ নম্বর বস্তির বাসিন্দা কল্যাণী বেদ-কে গ্রেফতার করে। তাকে জেরা করে তার কাছ থেকে সোনার বালা ছাড়াও আরও অনেক গয়না উদ্ধার করেছে কোক ওভেন থানার পুলিশ।

বানো শেখ জানান, বাস থেকে নামার পর রাস্তা পার হওয়ার সময় একটি শিশু তাঁকে জড়িয়ে ধরে। শিশুটিকে সরিয়ে রাস্তা পার হওয়ার পর কিছুটা এগিয়ে বানু দেখেন, তাঁর ব্যাগে থাকা সোনার বালা দু’টি নেই। আচমকা এমন ঘটনায় কার্যত মাথায় হাত পড়ে যায় তাঁর। কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করেন বানো। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র খতিয়ে দেখতে শুরু করে। অবশেষে ১৬ আগস্ট কল্যাণীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে 

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

ধৃত মহিলাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। এরপরেই পুলিশ প্রায় ১৫০ গ্রাম ওজনের সোনার বালা-সহ আরও সোনার গয়না উদ্ধার করে। খবর পেয়ে বানো শেখ থানায় আসেন। তিনি তাঁর বালা জোড়া সনাক্ত করেন। এই ঘটনায় বাসে যাতায়াতের সময় পাশের আসনে বসা অপরিচিত ব্যক্তির ব্যাপারে সচেতন থাকা কত প্রয়োজন তা আরও একবার বোঝা গেল। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)