WhatsApp Group Join Now
Instagram Group Join Now
চলছে বোল্ডার কাটার কাজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ আগস্ট: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে চর্চায় এসেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বেআইনি বোল্ডার কাটার অভিযোগ। ভাইরাল ওই ভিডিও দেখে দুর্গাপুরেরই একটি জায়গায় বোল্ডার কাটার কাজ চলছে বলে মনে করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি দুর্গাপুর দর্পণ। 

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, দুর্গাপুরের কোথায় চলছে এই বোল্ডার কাটার কাজ? স্থানীয় মহলে অভিযোগ, এর আগেও তৃণমূল আমলে দুর্গাপুরের ওয়ারিয়া এলাকায় বোল্ডার কাটাকে কেন্দ্র করে বেআইনি কারবারের অভিযোগ সামনে এসেছিল। সেই পুরনো প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে।

ভাইরাল ভিডিও ঘিরে প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই—দু’জনেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাঁদের বক্তব্য, ভিডিওতে দেখানো ঘটনা যদি দুর্গাপুরেরই হয় এবং সেখানে সত্যিই বেআইনিভাবে বোল্ডার কাটার কাজ চলে থাকে, তাহলে প্রশাসনের দ্রুত তদন্ত করা প্রয়োজন। কারা এই কাজের সঙ্গে যুক্ত, কীভাবে এমন কাজ চলছে এবং কোনও অনুমতি রয়েছে কি না—সবকিছু খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)