WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নতুনপল্লীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ফের ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র সরিয়ে নেওয়া এবং কিছু সামগ্রী নষ্ট করে জলে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগের আঙুল বিজেপির সঙ্গে যুক্ত কয়েকজনের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

দুর্গাপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লীর ওই কার্যালয়টি ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যত বন্ধ ছিল বলে তৃণমূলের দাবি। শুক্রবার সকালে সেখানে ফের ভাঙচুরের ঘটনা নজরে আসে। ঘটনাস্থলে একটি ভাঙা সিসিটিভি ক্যামেরাও পড়ে থাকতে দেখা যায়। তৃণমূল যুব নেতা রাজু সিংয়ের অভিযোগ, বিজেপির সঙ্গে যুক্ত কয়েকজন শুক্রবার সকাল ১০টা নাগাদ কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢোকেন। অভিযোগ, কিছু জিনিসপত্র সরিয়ে একটি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। অন্য কিছু সামগ্রী নষ্ট করে জলে ফেলে দেওয়া হয়েছে বলেও দাবি তাঁর।

রাজু সিংয়ের আরও অভিযোগ, এর আগে একই কার্যালয়ে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কার্যালয়ের ভিতরের সামগ্রী নষ্ট হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছিল। এরপর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল বলে দাবি তৃণমূলের। নতুন করে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। তৃণমূলের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ঘটনাটি ঘটলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে ফের পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দলীয় সূত্রে দাবি।

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ খারিজ করে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেছেন, আগের দিন রাজু সিং কয়েকজন যুবককে দিয়ে দলীয় কার্যালয়টি পরিষ্কার করিয়েছিলেন। তাঁর দাবি, সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তবে বিজেপি কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুরে বিশ্বাসী নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)