দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ অক্টোবর: দুর্গাপুজোর ভিড় ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই মাঠে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার বিকেলে দুর্গাপুরের একাধিক বড় পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল ৫৪ ফুট এলাকার ক্ষুদিরাম ময়দানে তৈরি হওয়া অযোধ্যার রামমন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ। পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি কমিশনার রাসপ্রিত সিং, ট্রাফিক ও দমকল বিভাগের আধিকারিকরা।
এবার দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার ক্ষুদিরাম ময়দানে রামমন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। মণ্ডপটি দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হতে পারে বলে মনে করছে প্রশাসন। সেই ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, প্রবেশ ও বেরোনোর পথে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত কীভাবে ব্যবস্থা নেওয়া যাবে—পরিদর্শনে মূলত সেই বিষয়গুলিই খতিয়ে দেখা হয়।
শুধু মণ্ডপের বাইরের নিরাপত্তা নয়, কাঠামোগত নিরাপত্তার দিকও খতিয়ে দেখেন আধিকারিকরা। মণ্ডপের উচ্চতা, প্রবেশ ও প্রস্থানের পৃথক পথ, দর্শনার্থীদের চলাচল, ভিড় নিয়ন্ত্রণ এবং দমকলের নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। পরিদর্শনের সময় দক্ষিণ পল্লির পুজো কমিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার বলেন, পুজোর সময় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। মণ্ডপগুলিতে দমকল বিভাগের জারি করা নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। পুজোর ভিড়ের কথা মাথায় রেখে মহিলাদের নিরাপত্তার উপরও বিশেষ নজর রাখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে ১০০ অথবা ১১২ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে। এর পাশাপাশি বড় পুজো মণ্ডপগুলিতে সাইবার সেলের নজরদারিও থাকবে। পুজোর দিনগুলিতে ভিড়ের সুযোগ নিয়ে কোনও ধরনের অপরাধ বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিভিন্ন স্তরে নজরদারি জোরদার করার পরিকল্পনা রয়েছে পুলিশের।
আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


