দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর: বেতন বৃদ্ধি, পুজো বোনাস-সহ একাধিক দাবিতে ধর্মঘট শুরু করলেন দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত অস্থায়ী সাফাইকর্মী, জিডিএ এবং নিরাপত্তারক্ষীরা। হাসপাতালের সামনে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন তাঁরা। এর জেরে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে।
কর্মীদের অভিযোগ, পুজো আর কয়েক দিন পরেই। অথচ এখনও তাঁদের পুজো বোনাস দেওয়া হয়নি। মাসে ২৬ দিনের মজুরি দেওয়া হলেও চার দিন সবেতন ছুটি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, কয়েক মাস ধরে পে স্লিপ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কর্মীরা।
বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর টাকা কাটা হলেও সেই টাকা আদৌ পিএফ অ্যাকাউন্টে জমা পড়ছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা। কর্মীদের দাবি, বেতন সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত পে স্লিপ দিতে হবে এবং তাঁদের অন্যান্য দাবিও পূরণ করতে হবে।
জিডিএ স্টাফ মৌসুমী দাস বলেন, স্টাফ কম। একটা জিডিএ স্টাফকে দুটি, তিনটে ফ্লোর সামলাতে বলা হয়। সাত মাস ধরে পে স্লিপ পাচ্ছি না। পিএফ কাটে কিন্তু জমা হয় কি না বুঝতে পারিন না।
এই পরিস্থিতিতে হাসপাতালের স্বাভাবিক পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ঠিকা সংস্থার তরফে ধর্মঘটী কর্মীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনা থেকে কী সমাধানসূত্র বেরিয়ে আসে, এখন সেদিকেই নজর।
বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল দ্রুত বোনাসের ব্যবস্থা করার দাবি জানান। একইসঙ্গে হাসপাতালের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধর্মঘটের পথ এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আবেদন জানান তিনি। তাঁর বক্তব্য, ধর্মঘটের জেরে বড় কোনও বিপদ ঘটলে তার দায় বিক্ষোভকারীদেরও নিতে হতে পারে।
আরও পড়ুন: চোখে বিশ্বজয়ের স্বপ্ন, ১৩ অক্টোবর তাসখন্দের পথে দুর্গাপুরের ছোট্ট আরাধ্যা
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


