WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ অক্টোবর: হাসপাতালের ভিতরে আগুন লাগলে বিপদের মাত্রা যে কতটা ভয়াবহ হতে পারে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক দিকে চিকিৎসাধীন রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া, অন্য দিকে দ্রুত আগুন নিয়ন্ত্রণ—দুই দিক সামলানোই বড় চ্যালেঞ্জ। সেই কারণেই দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল দমকল বিভাগ।

শনিবার দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালান দমকল আধিকারিকেরা। বেসমেন্ট থেকে ছাদ—হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়। স্প্রিংলার-সহ আগুন নেভানোর বিভিন্ন সরঞ্জাম, জরুরি পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণের পরিকাঠামো এবং রোগীদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা খতিয়ে দেখেন দমকলকর্মীরা।

দমকলের এক আধিকারিক জানান, ওই হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি নজরে আসেনি। হাসপাতালের মেডিক্যাল সুপার সুমিত দাঁ বলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থার উপর হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি চালায়। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়।

এ দিন রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করে দমকল। সেখানে কয়েকটি সামান্য ত্রুটি নজরে আসে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

হাসপাতালের আধিকারিক শুভ্র শঙ্খ ভট্টাচার্য বলেন, দমকলের আধিকারিকেরা হাসপাতালের সামগ্রিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে নতুন নিয়ম অনুযায়ী কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। দ্রুত সেই ব্যবস্থা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সামান্য গাফিলতিও বড় বিপদের কারণ হতে পারে। তাই নিয়মিত পরিদর্শনের মাধ্যমে অগ্নিনির্বাপণ পরিকাঠামো কতটা প্রস্তুত, তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)